যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে একটি ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বছর বয়সী এক শিশুসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। হামলার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার পর সিয়াটল সেন্টারে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট।
কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত চারজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র দুই বছর।
হামলার সময় ওই এলাকায় বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ ফুড ফেস্টিভ্যাল চলছিল। উৎসবে স্থানীয় বিক্রেতা ও বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল। হঠাৎ গুলির শব্দে উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
ঘটনার পর পুলিশ, জরুরি সেবা সংস্থা এবং এফবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি। হামলার উদ্দেশ্যও এখনো স্পষ্ট নয়।
এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সিয়াটল সেন্টারের মনোরেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
আরো পড়ুন: