প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১২:৪০

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে আসার খবর সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র মজুত আছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “বিশ্বের যেকোনো দেশের তুলনায় আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে। এমনকি আমাদের প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র মজুত আছে।”

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে। দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এ বিষয়ে হোয়াইট হাউসকে সতর্ক করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ট্রাম্প এসব তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে আস্থা প্রকাশ করেছেন।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কয়েকটি ছবি প্রকাশ করেছেন ট্রাম্প। এসব ছবিতে একটি ইরানি তেলবাহী জাহাজ জব্দ এবং ইরানের খার্গ দ্বীপের তেল রপ্তানি স্থাপনায় হামলার দৃশ্য দেখানো হয়েছে।

প্রকাশিত একটি ছবিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী তেলবাহী জাহাজের ওপর ট্রাম্পকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে যুদ্ধবিমান থেকে খার্গ দ্বীপের স্থাপনায় বোমা হামলার দৃশ্য তুলে ধরা হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে অস্ত্রের মজুত ও সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।