ভয়াবহ দাবানলের মধ্যে ফ্রান্সে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন

ভয়াবহ দাবানলের মধ্যে ফ্রান্সে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৪:০১

আপডেট: ২৮ জুলাই, ২০২৬ ১৪:০৩

ফ্রান্সে ভয়াবহ দাবানলের মধ্যে অসচেতনতা, অসতর্কতা এবং ইচ্ছাকৃত অগ্নিসংযোগের অভিযোগে গত ২০ দিনে ১৬২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী সেবাস্টিয়েন লেকোর্নু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পোস্টে তিনি বলেন, যারা ইচ্ছাকৃতভাবে দাবানল উস্কে দিচ্ছে, তাদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে এবং আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করা হবে।

চলতি ২০২৬ সালের শুরু থেকেই ফ্রান্সে দাবানলের প্রকোপ বাড়তে থাকে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশটির বিভিন্ন এলাকায় মোট ১৩ হাজার ৫৬৬টি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব দাবানলে প্রায় ১ লাখ ১৬ হাজার ৮৫ হেক্টর বন ও গাছপালা পুড়ে গেছে, যা দেশটির ইতিহাসে রেকর্ড ক্ষয়ক্ষতি।

এর আগে ২০২২ সালের দাবানলে প্রায় ৭২ হাজার হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা এতদিন সর্বোচ্চ ক্ষয়ক্ষতির রেকর্ড হিসেবে বিবেচিত ছিল।

সেবাস্টিয়েন লেকোর্নুর ভাষ্য অনুযায়ী, ফ্রান্সে প্রতি ১০টি দাবানলের মধ্যে ৯টিই মানবসৃষ্ট। সিগারেটের অবশিষ্টাংশ যথাযথভাবে না নিভিয়ে ফেলে দেওয়া, ঝুঁকিপূর্ণ এলাকায় বারবিকিউ আয়োজন, নির্মাণকাজে নিরাপত্তাবিধি উপেক্ষা এবং ইচ্ছাকৃত অগ্নিসংযোগ—এসব কারণেই দাবানলের ঝুঁকি বাড়ছে।

তিনি আরও সতর্ক করে বলেন, ইচ্ছাকৃতভাবে দাবানল সৃষ্টি বা উস্কে দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ন্যূনতম ১৫ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।