কলাগাছের ভেলায় ভেসে বেড়িবাঁধের দাবিতে বানভাসী মানুষের সংবাদ সম্মেলন

কলাগাছের ভেলায় ভেসে বেড়িবাঁধের দাবিতে বানভাসী মানুষের সংবাদ সম্মেলন
ছবি সংগৃহীত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

Published: 2025-08-11 14:16:06

টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় ব্যতিক্রমী সংবাদ সম্মেলন করেছেন বানভাসী মানুষরা। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীরে কলাগাছের ভেলায় ভেসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক ক্ষতিগ্রস্ত বাসিন্দা।

বানভাসী মানুষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাসিন্দা হালিমা আয়শা। তিনি জানান, প্রায় ৪০ বছর ধরে পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী তীরবর্তী এলাকায় ২৫০টি পরিবার বসবাস করছে। কিন্তু নদীর তীরে কোনো টেকসই বেড়িবাঁধ না থাকায় বছরের পর বছর জোয়ারের পানিতে তলিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের।

তিনি বলেন, প্রতিদিন দুই দফা জোয়ারের পানিতে তলিয়ে যায় প্রায় ২০০ একর কৃষিজমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতভিটা। বর্ষাকালে বহু পরিবারের চুলায় জ্বলে না আগুন, নষ্ট হয়ে যায় ফসল। তখন চলাচলের একমাত্র মাধ্যম হয়ে ওঠে ভেলা বা নৌকা।

হালিমা আয়শা আরও জানান, গ্রামের প্রায় তিন কিলোমিটার এলাকায় টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণ হলে এ দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। তিনি দ্রুত সরকারি উদ্যোগে বেড়িবাঁধ নির্মাণের আহ্বান জানান।

এ বিষয়ে এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদিক বলেন, “ভুক্তভোগীরা আবেদন করলে বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত উদ্যোগ না নিলে প্রতিবছর জোয়ারের পানিতে ডুবে তাদের জীবন-জীবিকা আরও সংকটে পড়বে।