গাজীপুরের টঙ্গীতে ছিনতাই করার অভিযোগে গণপিটুনির ফলে এক অজ্ঞাত পরিচয় ছিনতাইকারীর (২২) মৃত্যু হয়েছে। ঘটনা ঘটে সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায়।
ভুক্তভোগী হাবীব জানান, তিনি তার বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে স্টেশন রোড এলাকায় পৌঁছালে তিন থেকে চার জন ছিনতাইকারী তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় একজনকে সনাক্ত করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে তাকে মারধর করে এবং পরে পুলিশে সোপর্দ করে।
টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, আটককৃত ছিনতাইকারী অসুস্থ বোধ করলে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ওই হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশের অনীহা ও নিষ্ক্রিয়তার কারণে টঙ্গী এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এতে জনগণের মধ্যে আইন হাতে নেওয়ার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।