লালমনিরহাট সীমান্তে ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ

লালমনিরহাট সীমান্তে ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ
ছবি সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি

Published: 2025-08-13 11:16:24

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে দুই শিশু ও তিন নারীসহ মোট নয়জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের ৮৩৮ নম্বর পিলারের নিকট থেকে বাংলাদেশে ফেরত পাঠায়।

এরপর বিজিবি টহল দল বুড়িমারী ইউনিয়নের মাছিরবাড়ি এলাকা থেকে তাদের আটক করে। আটকদের মধ্যে রয়েছেন মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারফ হোসেন (৫০), তার স্ত্রী পারভিন বেগম (৪০), ছেলে মোহাম্মদ রাব্বি (২৬), রাব্বির স্ত্রী মোছাঃ বর্ষা (২২) ও তাদের তিন বছরের মেয়ে মোছাঃ জয়া, মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মোঃ সজিব আলী (১৬) এবং মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০)। তারা সবাই নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, তারা প্রায় দশ বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিল। সম্প্রতি ভারতের গুজরাট রাজ্য থেকে তাদের আটক করে ভারতীয় পুলিশ। পরে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, "আটককৃতরা বর্তমানে বুড়িমারী ইউনিয়ন পরিষদের সেফ হোমে পুলিশ হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।"