জাজিরায় সংঘবদ্ধ নারী চোরচক্রের তিন সদস্য আটক

জাজিরায় সংঘবদ্ধ নারী চোরচক্রের তিন সদস্য আটক
ছবি সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি:

Published: 2025-08-13 16:29:37

শরীয়তপুরের জাজিরা উপজেলার পুরাতন বাজারে সংঘবদ্ধ নারী চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের ফুরুক মিয়ার মেয়ে রোজিনা (২৫), হামিদা (২০) এবং তাদের ভাবী লিজা আক্তার, যিনি মৃত সেলিমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার প্রবাসী দিদার আকনের স্ত্রী ঝর্ণা আক্তার বাবার বাড়ি বিকেনগরের আনন্দবাজার থেকে অটোভ্যানে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ওই তিন নারী যাত্রী সেজে গাড়িতে ওঠেন। কিছুক্ষণ পর ভাঙা রাস্তার অজুহাতে তারা ঝর্ণার শরীরে হাত দিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঝর্ণা বিষয়টি বুঝতে পেরে গাড়ি পুরাতন বাজারে থামিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করেন এবং জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, “আটক নারীরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”