চুয়াডাঙ্গায় মাদক মামলায় রশিদা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১৩ আগস্ট) চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় ঘোষণা করেন। রশিদা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।
সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৯ নভেম্বর চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ায় অভিযান চালিয়ে রশিদাকে ৪৭ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ দুই আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট সাতজনের সাক্ষ্য গ্রহণের পর বুধবার দুপুরে আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।