পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম গ্রেপ্তার

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

Staff reporter

Published: 2025-08-14 09:38:10

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজবাড়ী সদর থানার বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাহমুদুর রহমান। তিনি জানান, পাংশা মডেল থানার রিকুইজিশনের প্রেক্ষিতে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে সদর থানায় তার নামে কোনো মামলা নেই।

পাংশা মডেল থানার ওসি মো. সালাহউদ্দিন বলেন, ‘পাংশা মডেল থানায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/ ১৫(৩) ধারায় মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মামলাটির আসামি হিসেবে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।’