দিনাজপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো মা ও শিশুর

দিনাজপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো মা ও শিশুর
ছবি: সংগৃহীত

Staff reporter

Published: 2025-08-15 14:36:51

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার দেড় বছরের ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ধানঘরা গ্রামের বাসিন্দা গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম ও তাদের ছেলে রিশাত কাইফ। কোহিনুর বেগম হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে গোলাম রব্বানী স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। পথে সোনালী ব্যাংকের সামনে তাদের মোটরসাইকেল একটি অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারায়। এতে কোহিনুর ও শিশু রিশাত রাস্তার ওপর পড়ে যান। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও সন্তানের মৃত্যু হয়।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।’