সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ছয়

সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ছয়
ছবি সংগৃহীত

Staff reporter

Published: 2025-08-15 22:15:42

Updated on: 2025-08-15 22:16:11

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাহমুদুল হাসান জুয়েলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসান, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মো. রতন খান, মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. আল-আমীন, মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রামের মো. আলী বর্দি মিয়া, শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. জসিম উদ্দিন ও দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হাজী মশিউর রহমান।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জেলার বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।