মামুন হত্যা: অস্ত্র মামলায় দুই শুটারসহ রিমান্ডে ৫

মামুন হত্যা: অস্ত্র মামলায় দুই শুটারসহ রিমান্ডে ৫
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ২১:৩১

আপডেট: ১২ নভেম্বর, ২০২৫ ২১:৪৭

রাজধানীর পুরানো ঢাকার সূত্রাপুরে তারিক সাইফ মামুনকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত পাঁচ জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আদালত শুটার ফারুক ও রবিন এবং সহযোগী শামীম, রুবেল ও ইউসুফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে।

পুলিশ বুধবার তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার ঢাকা, নরসিংদী ও সিলেটে একাধিক স্থানে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, দুটি মোটরসাইকেল ও এক লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

গত ১০ নভেম্বর সূত্রাপুর এলাকায় মামুনকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

রাজধানীতে গুলিতে 'শীর্ষ সন্ত্রাসী' মামুন নিহত