পরিচয় মিলেছে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের

পরিচয় মিলেছে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ২১:১৩

রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি নীল রঙের ড্রামভর্তি একজন পুরুষের খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করে। সিআইডির টিম মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচিত বের করে।

নিহত মো. আশরাফুল হক (৪৩) রংপুরের বদরগঞ্জের শ্যামপুরের মো. আব্দুর রশিদের ছেলে।

তবে কারা কীভাবে তাকে হত্যা করে জাতীয় ঈদগাহের সামনের সড়কে রেখে গেছে তা এখনও বের করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, 'দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে একটি ভ্যানে দু'জন ব্যক্তি এসে ড্রাম দুটি রাস্তার পাশে রেখে যায়। স্থানীয়রা এতটুকু বলতে পেরেছেন। সন্ধ্যার দিকে যখন দুর্গন্ধ ছড়ায় তখন পুলিশকে খবর দিলে ড্রাম খুলে চালের মধ্য থেকে কালো পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ বের করা হয়।'

তিনি বলেন, 'আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরবর্তীতে জড়িতদের শনাক্তে চেষ্টা করা হবে।'

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ এসে ড্রাম দুটি খুলে অজ্ঞাত পরিচয় এক পুরুষের খণ্ডিত মরদেহ দেখতে পায়। 

শাহাদাত হোসেন নামের একজন ড্রাম দুটি খুলে মরদেহ বের করেন। তিনি বলেন, 'পুলিশ এসে ড্রাম খুলতে বললে আমি ড্রাম খুলি। এরপর দুটি ড্রাম খুলে একজনের একাধিক খণ্ডে খণ্ডিত মরদেহ বের করি।'

পুলিশের ধারণা, দু-একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে।

 

রাজধানীতে দুটি ড্রামে মিললো খণ্ডিত মরদেহ