আন্দোলনের মুখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে পরীক্ষা স্থগিত হওয়ায় হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের প্রাথমিক নিয়োগ কমিটি ও পরিষদ সদস্যদের জরুরি সভা শেষে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানান জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
২০২২ সালে শুরু হওয়া শিক্ষক নিয়োগ পরীক্ষা এ নিয়ে চতুর্থবারের মতো স্থগিত হলো।
২০২৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, কোটা বৈষম্য দূর করে নিয়োগের দাবিতে ‘কোটাবিরোধী ঐক্যজোট’, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের ব্যানারে ৩৬ ঘণ্টার হরতালের ঘোষণা দেওয়া হয়। সকাল থেকেই হরতাল পালন চলছিল।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, 'নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিষদ পরীক্ষাটি পুনরায় স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।'
একইসঙ্গে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের যে অসুবিধা হয়েছে, তার জন্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।
এদিকে, পরীক্ষা স্থগিত হওয়ায় হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
হরতাল প্রত্যাহারের ঘোষণার পর রাঙামাটির জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে।
কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে ২ দিন হরতাল
আরো পড়ুন: