ভূমিকম্প: নরসিংদীতে নিহত বেড়ে ৫

ভূমিকম্প: নরসিংদীতে নিহত বেড়ে ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ২১:১০

আপডেট: ২১ নভেম্বর, ২০২৫ ২২:০৪

নরসিংদীতে ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ।

শুক্রবার বিকেলে চার জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।

এর আগে সকালে ভূমিকম্পের সময় একজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন- দেলোয়ার হোসেন (৩৭) ও তার ছেলে ওমর ফারুক (১০), কাজম আলী ভূঁইয়া (৭০), নাসির উদ্দিন (৫০) এবং ফোরকান মিয়া।

ভূমিকম্পে শহরের গাবতলী এলাকায় ছয় তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছেন। তাদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা-ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় নেওয়ার পর বাবা-ছেলের মৃত্যু হয়। 

নরসিংদীর পলাশ উপজেলার মালিকা গ্রামে মাটির ঘরের দেয়াল চাপায় কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন বলে জানা যায়।  

তার চাচাতো ভাই আউয়াল মিয়া জানান, কাজম আলী উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

এছাড়া, পলাশের ডাঙ্গা কাজিরচর এলাকায় সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫) ভয়ে আতঙ্কিত হয়ে হার্টঅ্যাটাক করে মারা গেছেন।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীতে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় পুরো জেলা কেঁপে উঠে। বিশেষ করে পলাশ উপজেলার ঘোড়াশাল ও নরসিংদী শহর। এ সময় মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন।  

এদিকে, ঘোড়াশাল এলাকায় ছয়টি বাড়ি ও এসএ প্লাজা নামে একটি সাততলা বিশিষ্ট শপিংমলে ফাটল ধরে। এছাড়া ঘোড়াশাল বাজার এলাকার বিভিন্ন ভবনের ছাদ থেকে দেয়ালের ইট পড়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের আঙিনায় মাটি দেবে যায়।

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, 'ভূমিকম্পে জেলায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পেয়েছি। যেকোনো দুর্যোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে। পুলিশ তাদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে।'

 

ভূমিকম্পে নরসিংদীতে ছেলে নিহত, বাবা আহত