ব্যবসায়ীর ২৬ টুকরো লাশ উদ্ধার: মূলহোতাসহ দু'জন রিমান্ডে

ব্যবসায়ীর ২৬ টুকরো লাশ উদ্ধার: মূলহোতাসহ দু'জন রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ২০:৫৭

আপডেট: ১৫ নভেম্বর, ২০২৫ ২১:০০

ঢাকায় হাইকোর্ট এলাকার কাছে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় তার বন্ধু জরেজুল ইসলাম জরেজসহ দু’জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। রিমান্ডকৃত অপরজন হলেন জরেজের বান্ধবী শামীমা আক্তার।

শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তাদের বিরুদ্ধে দায়ের করা শাহবাগ থানার হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার কুমিল্লার দাউদকান্দি থেকে জরেজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে তার বান্ধবী শামীমাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩।

গত ১১ নভেম্বর মালয়েশিয়া ফেরত বন্ধু জরেজুল ইসলামের সঙ্গে ঢাকায় যান আশরাফুল। জরেজসহ অজ্ঞাত আরও কয়েকজন গত ১১ থেকে ১৩ নভেম্বরের মধ্যে পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে আশরাফুলকে হত্যা করে। ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানী ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের পাশে দুটি ড্রাম থেকে তার ২৬ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। 

১৪ নভেম্বর আশরাফুলের বোন আনজিরা বেগম বাদি হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় জরেজসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

 

আরও পড়ুন

ব্ল্যাকমেইল করে আশরাফুলের থেকে ১০ লাখ টাকা আদায় করাই ছিল টার্গেট

ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধার, নিহতের বন্ধুকে আসামি করে মামলা

পরিচয় মিলেছে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের

রাজধানীতে দুটি ড্রামে মিললো খণ্ডিত মরদেহ