নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে। এতে সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়।
ঢাকা
পুরান ঢাকার বংশালে পাঁচ তলা ভবনের রেলিং ধসে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন এ তথ্য জানান।
নিহতরা হলেন- সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)।
নিহত রাফির মা নুসরাতের সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার চলছে। তিনি জানেন না , তার ছেলে আর বেঁচে নেই।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচ তলা ভবনের রেলিং ধসে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পর পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, 'তিন জনের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'
এদিকে, রাজধানীর মুগদার মদিনা বাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মো. মাকসুদ (৫০) নামের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।
মুগদা থানার এসআই উত্তম মিত্র জানান, নিহত মাকসুদ নোয়াখালীর রামগতি থানার চরসীতা গ্রামের বাসিন্দা।
নরসিংদী
নরসিংদীতে ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। বিকেলে চার জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।
এর আগে সকালে ভূমিকম্পের সময় একজনের মৃত্যু হয়।
মৃতরা হলেন- দেলোয়ার হোসেন (৩৭) ও তার ছেলে ওমর ফারুক (১০), কাজম আলী ভূঁইয়া (৭০), নাসির উদ্দিন (৫০) এবং ফোরকান মিয়া।
ভূমিকম্পে শহরের গাবতলী এলাকায় ছয় তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছেন। তাদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা-ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় নেওয়ার পর বাবা-ছেলের মৃত্যু হয়।
নরসিংদীর পলাশ উপজেলার মালিকা গ্রামে মাটির ঘরের দেয়াল চাপায় কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন বলে জানা যায়।
এছাড়া, পলাশের ডাঙ্গা কাজিরচর এলাকায় সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫) ভয়ে আতঙ্কিত হয়ে হার্টঅ্যাটাক করে মারা গেছেন।
নারায়ণগঞ্জ
রূপগঞ্জে ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এছাড়া ওই জেলায় অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ভূমিকম্প: নরসিংদীতে নিহত বেড়ে ৫
রূপগঞ্জে ভূমিকম্পে নবজাতকের মৃত্যু
ভূমিকম্পে গাজীপুরে ভবন হেলে পড়েছে
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
ভূমিকম্পে সারাদেশে নিহত ৬
ভূমিকম্পে নরসিংদীতে ছেলে নিহত, বাবা আহত
৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ
আরো পড়ুন: